জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 


জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন ২০২৫) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া ওরফে রাজু ভান্ডারী গৌরীপুর গ্রামের দিনমজুর বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন এবং স্থানীয়ভাবে একজন তরুণ ফুটবলার হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান ও নিহতের চাচা হেলাল মিয়া জানান, জাঙ্গিরাই গ্রামে ইমরানুল ইসলামের মালিকানাধীন একটি ভবনে ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে রাজুসহ প্রায় ২০-২২ জন শ্রমিক কর্মরত ছিলেন। কাজের শেষ পর্যায়ে সন্ধ্যার ঠিক আগে রাজুর হাতে থাকা বৈদ্যুতিক ভাইব্রেটর (কম্পন দণ্ড) থেকে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু পথেই রাজুর মৃত্যু ঘটে।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আল্লাহ নিহতকে ক্ষমা করুন ও জান্নাতবাসী করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url