ভোটাধিকার ফেরাতে রোডম্যাপ চাই: কুলাউড়ায় ঈদ জামাতে আমিরে জামায়াতের বক্তব্য

ভোটাধিকার ফেরাতে রোডম্যাপ চাই: কুলাউড়ায় ঈদ জামাতে আমিরে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি আর কোনো ‘যেনতেন’ নির্বাচন চায় না। তিনি বলেন, সুষ্ঠু বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং ভোটের জন্য সমতল মাঠ নিশ্চিত হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এ লক্ষ্যে একটি স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন।

শনিবার (৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে অংশগ্রহণ শেষে তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি আরও বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার নতুন প্রজন্মের ভোটার, বিশেষ করে যুবসমাজকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যদি কোনো সহযোগিতা চান, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করবো।”

ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান হজরত ইব্রাহীম (আ.)-এর ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং কোরআন-হাদিসের আলোকে একটি কল্যাণকর ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ প্রমুখ।

ডা. শফিকুর রহমানের এই বক্তব্য ঈদগাহে আগত মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অনেকে তার সঙ্গে কুশল বিনিময় করেন। ঈদের উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক সচেতনতার বার্তা তুলে ধরে তিনি নতুন রাজনৈতিক দিগন্তের আহ্বান জানান।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url