মাধবকুণ্ডের প্রধান সড়কে কাদা জমে দুর্ভোগ, পাহাড়ি ঢলের পানির চাপ বাড়াচ্ছে ভোগান্তি
মাধবকুণ্ডের প্রধান সড়কে কাদা জমে দুর্ভোগ, পাহাড়ি ঢলের পানির চাপ বাড়াচ্ছে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার প্রধান সড়কে প্রচণ্ড কাদা জমে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
গত সপ্তাহের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে এসে সড়কের বিভিন্ন অংশে মাটি ও কাদা জমে যায়। এতে করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও হালকা যানবাহনের চালকরা পড়েছেন বড় বিপাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের ওপরের বসতবাড়িগুলোর সমস্ত পানির প্রবাহ এখন মূল সড়ক দিয়েই নামছে। ফলে বর্ষার পানির চাপ ও ঢলে সৃষ্ট কাদা রাস্তায় জমে নতুন করে সমস্যার সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পর্যটন সড়কটির ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষা এলেই এমন দুর্ভোগ তাদের পোহাতে হয়।
তাদের দাবি, দ্রুত রাস্তাটির সংস্কার এবং পানিনিষ্কাশনের টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে মাধবকুণ্ডের পর্যটন কার্যক্রমও ব্যাহত হতে পারে।
