জুড়ীতে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
জুড়ীতে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,জুড়ী,
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে শিমা আক্তার (১৩) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার পূর্ব হরিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমা আক্তার পূর্ব হরিরামপুর গ্রামের বাসিন্দা বশির মিয়ার পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। সে স্থানীয় মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে বন্যার পানি দেখতে বের হয় শিমা। এ সময় হঠাৎ করে পানির স্রোতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। প্রায় এক ঘণ্টা পর তার নিথর দেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিমার বড় ভাই মুন্না মিয়া জানান, “আমার ছোট বোনটা শুধু কয়েক মিনিটের জন্য পানি দেখতে বাইরে বের হয়েছিল। হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় এবং আর বাঁচানো গেল না।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তন্ময় দাস বলেন, “কিশোরীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি স্বজনদের জানানো হলে তারা মরদেহ বাড়িতে নিয়ে যান।”
স্থানীয় এলাকাবাসী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে শিশুদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
