সিলেটে ৪৫ দিনের শিশু ইনায়াকে গলা কেটে হত্যা, বাবার বিরুদ্ধে অভিযোগ

সিলেটে ৪৫ দিনের শিশু ইনায়াকে গলা কেটে হত্যা, বাবার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট শহরের ইসলামপুর এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৪৫ দিনের শিশু ইনায়া রহমানকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেছেন তারই পিতা আতিকুর রহমান (৪০)। এ ঘটনার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে শাহপরান (রহঃ) থানাধীন কোরেশী ভিলা ১৮/এ বাসায়।

শিশুটির বাবা আতিকুর রহমান সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরে উপস্থিত ছিলেন ইনায়ার মা ঝুমা বেগম। তাঁর দেয়া তথ্য এবং ঘটনাস্থলে প্রাপ্ত আলামত বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে—আতিকুর রহমান নিজেই শিশুকে বাথরুমে নিয়ে যায় এবং ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।

হত্যার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান দাবি করেছেন, তিনি কিছুক্ষণের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তার ভাষ্য ছিল, “মাথাব্যথার কারণে হঠাৎ মাথায় কী যেন হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি।”

ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url