কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষ/নের অভিযোগে পিতা গ্রেপ্তার
কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষ/নের অভিযোগে পিতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়ের ওপর দীর্ঘদিন ধরে ধর্ষ/নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সিতাব আলী (৪৫)। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৭ জুন) রাতে কুলাউড়া থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি বুধবার (১৮ জুন) দুপুরে সময় কুলাউড়াকে নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।
তিনি জানান, প্রায় এক বছর আগে সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সঙ্গে বসবাস করছিলো। এ সুযোগে তিনি তার মেয়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করে আসছিলেন বলে অভিযোগ উঠে।
সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার পর সিতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয় এবং বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
