জকিগঞ্জে মাইক্রোবাস-টমটম সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ১২
জকিগঞ্জে মাইক্রোবাস-টমটম সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ১২
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট-জকিগঞ্জ মহাসড়কের জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজার সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টমটম চালক ও একটি শিশু। বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত টমটম চালকের নাম সবু মিয়া (৫০)। তিনি বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের প্রবাসী হারুন মিয়ার বড় ভাই। দীর্ঘদিন ধরে তিনি টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন বলে জানান স্থানীয়রা। অপর নিহত শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর-কনে সহ বরযাত্রীর অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মরদেহও প্রশাসনের সহায়তায় ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা ড্রাইভারকে ধীরে চালানোর অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে। অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।
দুর্ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
