প্রবাসীর কোরবানির পশু কেনার টাকা ছিনতাই, কুলাউড়ায় থানায় অভিযোগ


প্রবাসীর কোরবানির পশু কেনার টাকা ছিনতাই, কুলাউড়ায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পুরাতন গরুর হাটে কোরবানির পশু কেনার সময় প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন বাহরাইনপ্রবাসী সাজু মিয়া। বুধবার (৪ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর ভাই সানু মিয়া কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে সম্প্রতি বাহরাইন থেকে দেশে ফিরেছেন ভাটেরা ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা সাজু মিয়া। বুধবার তিনি ভাটেরা পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে নিজ হাতে থাকা আরও ১ লাখ টাকা এবং ভাই সানু মিয়াকে সঙ্গে নিয়ে গরু কিনতে হাটে যান। সানুর কাছেও তখন ১ লাখ ৭০ হাজার টাকা ছিল।

ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদের অনুসরণ করতে থাকে। হাটে প্রবেশের পরপরই সাজু ও সানুর ওপর অতর্কিত হামলা চালায় এই চক্র। অভিযোগে বলা হয়, শাহ আব্দুর রহমানের নেতৃত্বে আরও ৯ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দু’জনকেই মারাত্মকভাবে আহত করে।

ঘটনার পর সানু মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় শাহ আব্দুর রহমান, সালাউদ্দিন, শাহ নাইম, শাহ বদর, শাহ ইমন, শাহ লিমন, শাহ খয়রুল, শাহ কামাল ও আলম—এই ৯ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

সানু মিয়া বলেন, “ব্যাংক থেকে ২ লাখ টাকা তোলার পর আমাদের কাছে মোট ৪ লাখ ৭০ হাজার টাকা ছিল। পরিকল্পিতভাবে আমাদের অনুসরণ করে, হাটে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে সব টাকা ছিনিয়ে নেয় চক্রটি।”

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, গরু কেনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url