হাকালুকি হাওর থেকে নিখোঁজ লোকমান মিয়ার মরদেহ উদ্ধার
হাকালুকি হাওর থেকে নিখোঁজ লোকমান মিয়ার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরে নিখোঁজের দুদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১ জুন) সকাল ৯টার দিকে ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাওরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ মে) সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় গরু খুঁজতে হাওরের উদ্দেশ্যে একা বেরিয়ে যান লোকমান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আজ সকালে হাওরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং বিষয়টি থানায় জানান।
লোকমান মিয়ার পিতা আব্দুল লতিফ বলেন, ‘লোকমান শুক্রবার সকালে হাওরে গরু খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। আমরা আত্মীয়-স্বজন ও হাওরের বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ হাওরে তার লাশ পাওয়ার খবর শুনে আমরা স্তব্ধ হয়ে গেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
