বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন
রবিবার (২২ জুন) দুপুর ১টায় কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কলেজ শাখার সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ, উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ, শহর শাখার সেক্রেটারি নোমান আহমদ, ছাত্রজমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, শহর শাখার বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক মো. কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।
বক্তারা বলেন, বিগত সরকারের সময় অনার্স কোর্স চালু করার সুযোগ থাকলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি। অথচ মৌলভীবাজার জেলার প্রায় সব সরকারি কলেজেই অনার্স কোর্স চালু রয়েছে। বড়লেখার মতো একটি গুরুত্বপূর্ণ ও সুনামধন্য প্রতিষ্ঠানে এখনো অনার্স কোর্স না থাকায় এখানকার উচ্চশিক্ষার্থীদের বাইরে যেতে হচ্ছে।
তারা অবিলম্বে অনার্স কোর্স চালু করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। একইসঙ্গে কলেজকে পূর্ণাঙ্গ সরকারিকরণের স্বীকৃতি প্রদান, অবকাঠামো উন্নয়ন, নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও কলেজ মসজিদের সংস্কার কাজ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
