আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন
আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বাদ আসর জুড়ী নাইট চৌমুহনীতে সর্বস্তরের তাওহীদি জনতা এই মানববন্ধনের আয়োজন করেন।
ঘটনার সূত্রপাত গত ৪ জুন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনফর আলীর বড় ছেলে আয়নুল হকের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ব্যক্তিগত আইডি থেকে তিনি হজ পালনরত দেশের খ্যাতিমান আলেমদের একটি ছবি শেয়ার করে তাতে শয়তানের ইমোজি সংযুক্ত করেন এবং লিখেন:
“ইবলিস সহ সকল শয়তান একসাথে। আল্লাহর দিন ও ইসলামকে এই শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন।”
ছবিতে দেখা যায়, হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থানরত আলেমদের মধ্যে ছিলেন ড. মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ও টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারীসহ আরও অনেকে।
এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসলমানরা বিষয়টিকে ইসলাম ও উলামায়ে কেরামের প্রতি চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেন এবং আয়নুল হকের বিরুদ্ধে আইনি ও সামাজিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা ডা. ফখরুদ্দীন পাঠান এবং সঞ্চালনা করেন সাজিদ মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম জুড়ী ইউনিয়ন ইমাম শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আব্দুল হান্নান, হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন ও মোস্তাকিম আলী।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আসিকুর রহমান, আব্দুস সত্তার, জহিরুল ইসলাম, সাইফুর রহমান, নাহিদ আহমেদ, খাইরুল আল আমিনসহ স্থানীয় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন,
“দেশের সম্মানিত আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গোটা মুসলিম উম্মাহকে অপমান করার শামিল। আয়নুল হককে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাওহীদি জনতা আরও কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।”
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের প্রতি জনগণের দাবি, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হোক।
