আদালতে স্বীকারোক্তি দেয়নি কুলাউড়ার স্কুলছাত্রী আনজুমের খুনি জুনেল, রিমান্ড আবেদনও নামঞ্জুর



আদালতে স্বীকারোক্তি দেয়নি কুলাউড়ার স্কুলছাত্রী আনজুমের খুনি জুনেল, রিমান্ড আবেদনও নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলার একমাত্র অভিযুক্ত মো. জুনেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানানোয় হতাশা ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাবিব ঠিকানা অভিযুক্ত জুনেলকে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৫নং আমলি) আদালতে হাজির করেন। বিচারক আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় জুনেলকে উপস্থাপন করা হলেও সে কোনো স্বীকারোক্তি প্রদান করেনি। এমনকি তার পক্ষে কোনো আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেল আনজুমকে হত্যার কথা স্বীকার করেছে এবং সেই জবানবন্দি পুলিশের রেকর্ডে সংরক্ষিত রয়েছে। তবে আদালতে স্বীকারোক্তি না দেওয়ার পাশাপাশি পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

এ ঘটনায় হতাশ হয়েছেন নিহত আনজুমের পরিবার ও এলাকাবাসী। তারা আশঙ্কা করছেন, মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিব বলেন,
“আদালতে জুনেল স্বীকারোক্তি দেয়নি। প্রতারণার আশ্রয় নিতে চাইছে সে। রিমান্ড আবেদন নামঞ্জুর হলেও আমরা আবারও আবেদন করবো।”

এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এলাকাবাসীরও দাবি— মামলাটি যেন কোনোভাবে ধামাচাপা না পড়ে এবং দ্রুত ফাঁসির রায় দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url