গোলাপগঞ্জে ফেসবুকে কুরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্ত গ্রেফতার

 


গোলাপগঞ্জে ফেসবুকে কুরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্ত গ্রেফতার

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম, পবিত্র কুরআন শরীফ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়, যা এক পর্যায়ে বিক্ষোভে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা আল হাসান মিলাদ নামের এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্ম ও কুরআন শরীফকে অস্বীকার করে একাধিক বিতর্কিত ও আপত্তিকর পোস্ট দেন। এক পোস্টে তিনি লেখেন, "যে কোরআন বাংলাদেশে নেই, সেই কোরআন আমরা কেন পড়বো?"—এই ধরণের মন্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের গভীরভাবে আঘাত করে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি আরও কিছু অবাঞ্ছিত ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা জনসম্মুখে প্রকাশের অযোগ্য। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয় এবং শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ মুসলিম তরুণ সমাজ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভকারীরা বলেন, এই ধরনের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। তারা দোষী ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মিছিল থেকে আরও দাবি জানানো হয়, আল হাসান মিলাদকে প্রকাশ্যে ভিডিও বার্তায় ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যেন কেউ এই ধরনের ধৃষ্টতা না দেখায়, সে বিষয়ে কঠোর বার্তা প্রদান করতে হবে।

পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত আল হাসান মিলাদকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বশীল এক কর্মকর্তা।

ঘটনার পর থেকে সামাজিক ও ধর্মীয় মহলে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url