গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে মাত্র ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৬৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না ঘটায় দেশে মোট মৃতের সংখ্যা আগের মতোই রয়েছে—২৯ হাজার ৪৯৯ জনে। এ সময়ে নতুন করে কেউ সুস্থ হননি, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৪৯ জনে অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের মোট হার ১৩.০৬ শতাংশ।
প্রসঙ্গত, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ ঘটে প্রথম মৃত্যু। এর পর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন—যা ছিল দেশের জন্য সবচেয়ে ভয়াবহ সময়।
বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবুও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
