বাড়ির সীমানা ও পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বড় ভাই খুন, ভাই-ভাতিজা গ্রেপ্তার
বাড়ির সীমানা ও পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বড় ভাই খুন, ভাই-ভাতিজা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাই (৭০)। এ ঘটনায় পুলিশ অভিযানে নেমে তার ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও ভাতিজা হাকিম আহমদকে (২৩) তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়ির সীমানা এবং বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এ নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে পানি জমে থাকা নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের তর্কাতর্কি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে সিরাজুল ইসলাম এগিয়ে এলে বাবুল ও তার ছেলে হাকিম তার ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি মারলে সিরাজুল ইসলাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
পরবর্তীতে স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে বাড়িতে এনে সিরাজুল ইসলামের প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু তিনি তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে।”
নিহতের ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে বাবুল আহমদ ও হাকিম আহমদকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অন্যান্য জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
