স্বামী পরিত্যক্তা নারীকে পিটিয়ে আহত, জুড়ীতে দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

 


স্বামী পরিত্যক্তা নারীকে পিটিয়ে আহত, জুড়ীতে দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জুড়ী:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে স্বামী পরিত্যক্তা এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সোমবার (১৯ মে) বিকেলে ঘটনার পর বুধবার (২১ মে) পর্যন্ত থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছিল।

আহত সোনারা বেগম (৪৮) জানান, তিনি মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যয়নরত দুই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করছেন। তার অভিযোগ, প্রতিবেশী মৃত আং হাকিমের ছেলে সাইফুদ্দিন (৩০) ও সেলিম উদ্দিন (৪০) দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির সীমানা নিয়ে হয়রানি করে আসছেন।

তিনি বলেন, “আমার পরিবারের পুরুষ কেউ নেই। সোমবার বিকেলে তারা আমাদের সীমানার বেড়া ভাঙতে এলে আমি বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাতে থাকা কাঠের রুল দিয়ে নির্মমভাবে মারধর করে।”

আহত অবস্থায় দুই মেয়ে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে বুধবার বিকাল পর্যন্ত থানায় অপেক্ষা করেও মামলা গ্রহণের নিশ্চয়তা পাননি বলে অভিযোগ করেন সোনারা বেগম।

ঘটনার পর ভুক্তভোগীর মেয়েরা সাংবাদিকদের কাছে তাদের মায়ের শরীরে আঘাতের চিহ্নযুক্ত ছবি ও ভিডিও তুলে ধরেন, যেখানে রক্তাক্ত জখম স্পষ্ট দেখা যায়।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা অনুপস্থিত ছিলেন। তবে সাইফুদ্দিনের শ্বশুর আতিকুল ইসলাম ময়না বলেন, “মহিলার মুখের ভাষা খুব খারাপ। আমরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। এখন বিষয়টি তার হাতে।”



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url