বেহাল শাহবাজপুর-থানাবাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

 


বেহাল শাহবাজপুর-থানাবাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছেন।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাঁচটায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শাহবাজপুর বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পূর্ববাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা মো. ছাইদুল ইসলাম।

বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কাওছার হামিদ ছুন্নাহ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান, শ্রমিক নেতা নজির উদ্দীন, যুবদলের আহ্বায়ক আলিম উদ্দিন, জামায়াতের সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ জাহাঙ্গীর, ছাত্রদলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইসলামী ছাত্র শিবির বড়লেখা উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, এবং শাহবাজপুর কলেজ শিবিরের সভাপতি আবুল আজাদ সাজু।

সড়কটির গুরুত্ব ও অবস্থান

শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বরে শুরু হয়ে দৌলতপুর হয়ে থানাবাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দুই জেলার সীমান্তে অবস্থিত। এটি মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় পড়লেও এর পশ্চিমাংশ সিলেট জেলার সওজ বিভাগের অধীনে রয়েছে। অতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় থাকলেও বর্তমানে এটি পুরোপুরি সওজের অধীনে।

তবে দীর্ঘদিন ধরে এই সড়কে কোনো সংস্কার কাজ না হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জন্য এটি হয়ে উঠেছে ভয়ানক এক ভোগান্তির কারণ।

বক্তারা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবায়ন হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। তাই অবিলম্বে সড়কটি সংস্কারের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url