কুলাউড়ায় মাদ্রাসা অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা, এলাকাজুড়ে উত্তেজনা
কুলাউড়ায় মাদ্রাসা অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা, এলাকাজুড়ে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক মাদ্রাসা অধ্যক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন বাবনিয়া-হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহসান উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা আহসান উদ্দিন প্রতিদিনের মতো কুলাউড়া থেকে মাদ্রাসায় যাওয়ার পথে হাসিমপুর এলাকায় পৌঁছালে মৃত জলিল মিয়ার ছেলে প্রবাসী আব্দুর নূর (৩২) তার বাড়ির সামনে রড হাতে বের হয়ে এসে হঠাৎ তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর রড দিয়ে তাকে মারধরের চেষ্টা করলে অধ্যক্ষ দৌড়ে প্রাণ রক্ষা করেন। তখন ক্ষিপ্ত হয়ে হামলাকারী নূর তার মোটরসাইকেলে উপর্যুপরি আঘাত করে ভাঙচুর চালায়।
অধ্যক্ষের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন এবং খবরটি মুহূর্তেই মাদ্রাসা ও এলাকায় ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ ছাত্র-জনতা হামলাকারীকে আটক করে মারধর করে এবং তার বাড়িতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ এবং রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। তারা স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারী আব্দুর নূরকে আটক করে থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার ওসি গোলাম আপসার জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অধ্যক্ষ নিজেই থানায় মামলা করেছেন। হামলাকারীকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”
স্থানীয় চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, “বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করা হয়েছে যে হামলার সুষ্ঠু বিচার হবে। তবে কিছুটা উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বাবনিয়া-হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার শুরু থেকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মাওলানা আহসান উদ্দিন। তিনি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী ও সচেতন মহল।
সূত্র: মানব ঠিকানা
