কুলাউড়ায় মাদ্রাসা অধ্যক্ষের ওপর হামলা, বিক্ষোভে উত্তাল এলাকা—আসামি গ্রেপ্তার
কুলাউড়ায় মাদ্রাসা অধ্যক্ষের ওপর হামলা, বিক্ষোভে উত্তাল এলাকা—আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক মাদ্রাসা অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনতা। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত অধ্যক্ষ মোহাম্মদ আহসান উদ্দিন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার দায়িত্বে রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাওয়ার পথে পশ্চিম হাসিমপুর এলাকায় পৌঁছালে আব্দুর নূর (৩০) নামের এক যুবক পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে।
হামলার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীরা তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আব্দুর নূরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ওসি মো. গোলাম আপছার জানান, “গ্রেপ্তার আব্দুর নূর বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
