ভোটে হবে স্বচ্ছতা, কারচুপি আর নয়’: কুলাউড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ভোটে হবে স্বচ্ছতা, কারচুপি আর নয়’: কুলাউড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ভবিষ্যতের জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ ও কারচুপি মুক্ত। ভোটাররা হাসিমুখে ভোট দিয়ে বের হবেন, আর কেউ গিয়ে দেখবে না যে অন্য কেউ তার ভোট দিয়ে গেছে।”
রবিবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানান, শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সভায় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার উপরও গুরুত্বারোপ করেন। বলেন, “এই দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। চা শ্রমিকদের মৌলিক অধিকার এখনও নিশ্চিত হয়নি। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করব এবং তাদের সন্তানদের প্রতিভা বিকাশে পাশে থাকব।”
তিনি আরও বলেন, “চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের। ধর্মের ভিত্তিতে নয়, মানবিকতার ভিত্তিতে একটি বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”
সভায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভা ছাড়াও ডা. শফিকুর রহমান দিনব্যাপী বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
