বড়লেখায় চা শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, স্ত্রী ও কন্যা পলাতক


বড়লেখায়  চা শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, স্ত্রী ও কন্যা পলাতক

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে রবি চাষা (৪৫) নামের এক চা শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৫ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবি চাষা নিউ সমনবাগ চা বাগানের একজন স্থায়ী শ্রমিক ছিলেন। তিনি মৃত হরিয়া চাষার ছেলে। রবিবার দুপুরে নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। প্রতিবেশীরা গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে রবি চাষার স্ত্রী ও কন্যা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু বলেন, “রবি চাষা একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি কেন আত্মহত্যা করলেন, তা আমাদের কাছে বোধগম্য নয়।”

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছি। তবে এখনো মৃত্যুর কারণ নিশ্চিত নয়। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url