সিলেটে "তিয়ানশি" নামক প্রতারক চক্রের মুখোশ উন্মোচিত – যুবসমাজকে সাবধান থাকার আহ্বান
সিলেটে "তিয়ানশি" নামক প্রতারক চক্রের মুখোশ উন্মোচিত – যুবসমাজকে সাবধান থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে "তিয়ানশি" নামক একটি কোম্পানির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। কথিত কোম্পানিটি মধুর ভাষায় ও মিথ্যা আশার ফাঁদে ফেলে যুবসমাজ ও বেকার জনগোষ্ঠীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার অভিজ্ঞতা তুলে ধরেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, তার এক ঘনিষ্ঠ বন্ধুর পরিচিত একজন তিয়ানশি কোম্পানির সঙ্গে যুক্ত ছিল। সে প্রথমে তাকে কোম্পানির অফিসে নিয়ে যায়, যা দক্ষিণ বাজার, মুরাদ ভবনে অবস্থিত। সেখানে এক মিটিংয়ে অংশগ্রহণ করতে গেলে তিনি লক্ষ্য করেন, কৌশলে মানুষকে প্রলোভন দেখিয়ে ব্রেইন ওয়াশ করা হচ্ছে।
প্রথম মিটিংয়ে বলা হয়, কাজ না করলে অর্থ ফেরত দেওয়া হবে। পরবর্তীতে তাকে তিনদিনের ট্রেনিংয়ের জন্য কুমিল্লা যাওয়ার কথা বলা হয়। তিনি পরিবারের অনুমতি ছাড়া যেতে অস্বীকৃতি জানালে কোম্পানির লোকজন তার বাসায় গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করে। এরপর ট্রেনিংয়ের জন্য ৬,০০০ টাকা দাবি করা হয়, যদিও মিটিংয়ে এর কোনও উল্লেখ ছিল না।
ভুক্তভোগী জানান, তিনি ছাত্র হওয়ায় অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে কিছু অগ্রিম দিয়ে ফর্ম পূরণের জন্য চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি ৫০০ টাকা দিয়ে ফর্ম পূরণ করেন। কিন্তু ট্রেনিংয়ের দিন কোম্পানি তার সাথে যোগাযোগ করেনি। পরবর্তীতে যোগাযোগ করলে জানানো হয়, পুরো টাকা না দিলে অংশ নেওয়া যাবে না। টাকা ফেরতের কথা বললে তারা বারবার ঘুরাতে থাকে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মনে করেন, সামান্য অর্থেও যারা এভাবে প্রতারণা করতে পারে, তারা বড় অঙ্কের অর্থ পেলে নিঃসন্দেহে আরও ভয়ঙ্কর প্রতারণায় লিপ্ত হবে।
সম্প্রতি গণমাধ্যমে "তিয়ানশি" চক্রের প্রতারণার মুখোশ উন্মোচিত হতে থাকায় তিনি আর চুপ থাকতে পারেননি। তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল সিলেটবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তার দাবি, এই ধরনের মুখোশধারী প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে সমাজে বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ ধ্বংস হয়ে যাবে।
তিনি আহ্বান জানান:
> “সবাই মিলে ঐক্যবদ্ধ হই, সোচ্চার হই, প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করি। না হলে সমাজের এই ক্ষত কখনোই সারবে না।”
সূত্র: মায়ার সিলেট
