গোলাপগঞ্জে ফেসবুকে কুরআন অবমাননার অভিযোগ, যুবসমাজের বিক্ষোভ মিছিল
গোলাপগঞ্জে ফেসবুকে কুরআন অবমাননার অভিযোগ, যুবসমাজের বিক্ষোভ মিছিল
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে পবিত্র কুরআন শরীফ ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিক্ষুব্ধ মুসলিম তরুণরা প্রতিবাদ মিছিল বের করেন।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা আল হাসান মিলাদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্ম, পবিত্র কুরআন এবং মহানবী (সা.)-কে অস্বীকার করে একাধিক বিতর্কিত পোস্ট দেন। এক পোস্টে তিনি লিখেছেন, "যে কোরআন বাংলাদেশে নেই, সেই কোরআন আমরা কেন পড়বো?"। এ ছাড়াও তিনি আরও কিছু অবাঞ্ছিত ও আপত্তিকর মন্তব্য করেন, যা জনসমক্ষে প্রকাশযোগ্য নয় বলে জানান স্থানীয়রা।
এই ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে এলাকার যুবসমাজ বিক্ষোভ মিছিল বের করে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিল থেকে তারা জানান, আল হাসান মিলাদকে প্রকাশ্যে ভিডিও বার্তায় ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যেন কেউ এমন ধৃষ্টতা না দেখায়—সে বিষয়ে কঠোর বার্তা দিতে হবে।
বিক্ষোভ চলাকালে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সরাসরি বিক্ষোভকারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসে যুবসমাজ শান্তভাবে বিক্ষোভ সমাপ্ত করে যার যার বাড়িতে ফিরে যান।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করছেন।
