ছাগল ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে মারাত্মক সংঘর্ষ, আহত মাসুক মিয়ার মৃত্যু: এজাহারভুক্ত ৪ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রাণঘাতী সংঘর্ষে আহত ভিকটিম মাসুক মিয়া (৪০) শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ০৭ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ৮টার দিকে, মাসুক মিয়ার নিজ বসতবাড়ির উত্তর পাশের ক্ষেতের জমিতে ছাগল ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। এ সময় একই এলাকার সোহেল মিয়া গং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে মাসুক মিয়ার উপর হামলা চালায় এবং গুরুতর জখম করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় মাসুক মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটে মাসুক মিয়া মৃত্যুবরণ করেন, যা তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নামিয়ে আনে।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় তাৎক্ষণিক অভিযানে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০)-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে, ৮ মে সন্ধ্যা ৭টার দিকে, পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ও এজাহারনামীয় ১ নম্বর অভিযুক্ত সোহেল মিয়া (৩২)-কে শ্রীমঙ্গল থানাধীন সুরমাভ্যালি এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, “এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা দ্রুত সময়ের মধ্যে চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সবরকম প্রচেষ্টা চালাচ্ছি।”
এ ঘটনাকে ঘিরে ভূনবীর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
