ভুয়া তথ্য প্রচারে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা: মসজিদ রেজিস্ট্রেশন ও ইমাম-মুয়াজ্জিন ভাতা বিষয়ে বিভ্রান্তি ছড়াবেন না

 


ভুয়া তথ্য প্রচারে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা: মসজিদ রেজিস্ট্রেশন ও ইমাম-মুয়াজ্জিন ভাতা বিষয়ে বিভ্রান্তি ছড়াবেন না


নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অসাধু মহল মসজিদ রেজিস্ট্রেশন ও খতিব-ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক জরুরি সতর্কবার্তা প্রকাশ করেছে।

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে ০৯ মে ২০২৫ তারিখে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে—বর্তমানে সরকারিভাবে মসজিদ রেজিস্ট্রেশন বা ইমাম-মুয়াজ্জিনদের জন্য কোনও ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়নি।

ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি অসাধু স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন ও মনগড়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নিজেরা হীনস্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিষয়ে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা, মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানদের সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোনো বার্তা বা আবেদনপত্র যাচাই-বাছাই না করে বিশ্বাস না করার অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, “এ ধরনের গুজবে কান না দিয়ে যাচাই করে দায়িত্বশীল আচরণ করুন।”

এই প্রেক্ষাপটে বড়লেখা সহ দেশের বিভিন্ন উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একধরনের উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ইসলামিক ফাউন্ডেশনের সুস্পষ্ট ব্যাখ্যার পর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

প্রকাশকের মন্তব্য:

ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ধর্মীয় অনুভূতি ও আস্থার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গুজব ও বিভ্রান্তিকর প্রচার প্রতিরোধে এমন দায়িত্বশীল অবস্থান সমাজে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url