রিজিক বৃদ্ধির আমল: কোরআন ও হাদিসের আলোকে
রিজিক বৃদ্ধির আমল: কোরআন ও হাদিসের আলোকে
মানুষ মাত্রই রিজিক ও জীবিকার প্রসার এবং বরকত কামনা করে। পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু আমল বা কার্যাবলির কথা এসেছে, যেগুলোর মাধ্যমে রিজিকে সমৃদ্ধ করা সম্ভব। নিচে রিজিক বৃদ্ধির কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো:
১. তওবা ও ইস্তিগফার করা
আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন,
“আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন।”
— (সুরা নুহ: ১০-১২)
২. আল্লাহর ওপর ভরসা রাখা
রিজিক বৃদ্ধির জন্য তাকওয়া ও আল্লাহর ওপর ভরসা অপরিহার্য। কোরআনে বলা হয়েছে,
“আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন, যার কল্পনাও সে করতে পারবে না।”
— (সুরা তলাক: ২-৩)
৩. হজ ও ওমরাহ পালন করা
রাসুলুল্লাহ (সা.) বলেন,
“তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো। কারণ, এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয়; যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।”
— (তিরমিজি: ৮১০; নাসায়ি: ২৬৩১)
৪. আল্লাহর রাস্তায় হিজরত করা
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
“আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে; জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে।”
— (সুরা নিসা: ১০০)
৫. সময়মতো নামাজ আদায় করা
পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করলে জীবিকায় বরকত হয়। আল্লাহ বলেন,
“আর আপনি পরিবার-পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমিই আপনাকে রিজিক দিই। আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম।”
— (সুরা ত্বহা: ১৩২)
৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও রিজিক বৃদ্ধির একটি মাধ্যম। কোরআনে আল্লাহ বলেন,
“আত্মীয়-স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও।”
— (সুরা বনি ইসরাইল: ২৬)
নিউজ আপডেট: ক্রনেট২৪/রাহিন

