কমলগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রোজিনা বেগম (৩০) নামের এক স্কুল শিক্ষিকাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল আনুমানিক ১০টায় মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম ভাষাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের কন্যা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোজিনা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার আব্দুর রহিম গংয়ের জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। সোমবার সকালে আব্দুর রহিমের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এক্সকাভেটর নিয়ে জমিতে পুকুর খনন শুরু করে। এ সময় রোজিনার পরিবারের লোকজন বাধা দিলে প্রতিপক্ষ রেজাউল করিম সাগর ও আব্দুর রহিমসহ অন্যান্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রোজিনা বেগম। এ ঘটনায় আরও ৩-৪ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করি এবং তিনজনকে আটক করেছি। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
