কুলাউড়ায় প্রতিবন্ধী যুবককে পিটিয়ে জখম, কান্না-অনুরোধেও থামেনি ‘মারধর’
মৌলভীবাজারের কুলাউড়ায় চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বর্বরভাবে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছকসালং গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ভুক্তভোগী যুবকের নাম আলমগীর মিয়া (২৬)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং আলতা মিয়ার ছেলে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, তার শরীরজুড়ে রয়েছে নির্মম নির্যাতনের চিহ্ন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১১ মে আলমগীর বাড়ি থেকে বের হয়ে পথ ভুল করে কুলাউড়ার ছকসালং গ্রামে চলে যান। ১৩ মে রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে। পরে তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর রশীদ।
আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান বলেন,
"আমার ভাই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী। সে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলছিল সে চোর নয়, কিন্তু কেউ তার কান্নার আহ্বানে কর্ণপাত করেনি। মারধরের পর সে ভোরে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। তখন আমরা বুঝতে পারি তার সঙ্গে কী ঘটেছে।"
বুধবার (১৪ মে) বিকেলে আবু রায়হান কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কয়ছর রশীদ বলেন,
"আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই লোকজন মারধর করেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় দুটি চুরির ঘটনা ঘটেছে, সেই আতঙ্ক থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বুঝতে পারি ছেলেটি প্রতিবন্ধী, তখন তাকে ছেড়ে দেওয়া হয়।"
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কনক কান্তি সিনহা জানান,
"আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন,
"এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
মানবাধিকারকর্মীরা বলছেন, একজন বুদ্ধিপ্রতিবন্ধী নাগরিকের প্রতি এ ধরনের নির্যাতন কেবল অমানবিক নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়েরও প্রকাশ। যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে এলাকাবাসী ও সামাজিক মাধ্যমে।
