ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদী সুরে হিদায়াহ শিল্পীগোষ্ঠীর নতুন সংগীত
ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদী সুরে হিদায়াহ শিল্পীগোষ্ঠীর নতুন সংগীত
নিজস্ব প্রতিবেদক সিলেট
গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে শিশু, নারী ও নিরীহ জনগণের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের মাটি। মানবতার এই নির্মম বিপর্যয়ে বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ আজ শোকে ও ক্ষোভে স্তব্ধ। মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ চলছে ফিলিস্তিনিদের প্রতি নির্মম অবিচারের চিত্র দেখে। ঠিক এই সংকটকালেই ফিলিস্তিনের মুক্তির আকাঙ্ক্ষায় এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হিদায়াহ শিল্পীগোষ্ঠীর ব্যতিক্রমী এক সংগীত প্রকাশ পেতে যাচ্ছে।
আগামী ১৫ মে ২০২৫, হিদায়াহ শিল্পীগোষ্ঠীর ব্যানারে মুক্তি পাবে প্রতিবাদী ইসলামিক সংগীত “এ জিহাদ নয়তো শুধু ফিলিস্তিনের”। এই সংগীতে কণ্ঠ দিয়েছেন সময়ের সেরা জনপ্রিয় ইসলামিক সংগীতশিল্পী জাহিদুল ইসলাম, যিনি ইতোমধ্যেই ইসলামী সংগীত জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার কণ্ঠে গাওয়া নাত “হৃদয়ে নাম লিখেছি” খুবই কম সময়ের মধ্যে দর্শকের হৃদয় ছুঁয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আসন্ন এই সংগীতের কথা লিখেছেন সাইফুল ইসলাম, সুর করেছেন জাহিদুল ইসলাম নিজেই। সংগীতে কণ্ঠ দিয়েছেন জাহিদুল ইসলাম ছাড়াও সাইফুল ইসলাম ও নাইম আরাফাত। বিশেষ এই গানটিতে শুধু একটি দেশের কথা নয়—গানে উঠে এসেছে মুসলিম উম্মাহর সম্মিলিত দায়বদ্ধতা, হৃদয়ের প্রতিবাদ এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আহ্বান।
জাহিদুল ইসলাম শুধুই একজন শিল্পী নন, বরং তিনি একজন সৃষ্টিশীল সংগীত পরিচালকও। তাঁর সুরারোপে প্রকাশিত একাধিক ইসলামিক সংগীত ইতোমধ্যেই দেশ-বিদেশে আলোড়ন তুলেছে। এবারের গানটিতেও তিনি চেষ্টা করেছেন ইসলামী চেতনা, মানবিকতা ও ফিলিস্তিনের রক্তাক্ত বাস্তবতা একসাথে মেলাতে।
হিদায়াহ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীতটি ইউটিউবসহ সামাজিক মাধ্যমে মুক্তি পাবে এবং সংগীতের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে বিশ্বজনমত গঠনে অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
