জালিয়াতির অভিযোগে কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার


জালিয়াতির অভিযোগে কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি পত্র জালিয়াতির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষক মাওলানা মো. মাছুম আহমদ রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসার শিক্ষক এবং কুলাউড়ার বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর জারি হওয়া একটি সরকারি পত্রের তারিখ পরিবর্তন করে ১০ নভেম্বর ২০২৪ দেখিয়ে তা মাদ্রাসা বোর্ডে পাঠানো হয়। এতে পূর্বে মনোনীত দুই সদস্যের নাম অপরিবর্তিত রেখে নতুন কমিটি গঠনের অপচেষ্টা চালানো হয়।

ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষের একজন লিখিত অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়া যায়। পরে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে শিক্ষক মাছুম আহমদকে শুক্রবার (২৩ মে) গ্রেপ্তার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “জালিয়াতির প্রমাণ পাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে শিক্ষক মাছুমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url