মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সানি ফার্মেসির বিরুদ্ধে ভোক্তার অভিযোগ


মৌলভীবাজার জেলার  বড়লেখা উপজেলার সানি ফার্মেসির বিরুদ্ধে ভোক্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:

বড়লেখার পরিচিত একটি ওষুধের দোকান সানি ফার্মেসি-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক ভোক্তা। নিজের ফেসবুক আইডিতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন কীভাবে কিছু দিনের ব্যবধানে তিনি প্রায় ১২,৫০০ টাকার ওষুধ ক্রয় করেছেন, এবং একটি ভুল ওষুধ সরবরাহ নিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

ভোক্তার ভাষ্যমতে, তিনি ইতোমধ্যে একটি নির্দিষ্ট ওষুধের পুরো কোর্স সম্পন্ন করেছেন এবং তার কাছে সেই ওষুধ মজুদ রয়েছে। আজকের কেনাকাটায় ভুলবশত সেই একই ওষুধ আবার দিয়ে দেন সানি ফার্মেসির বিক্রেতারা। যদিও ভোক্তা পূর্বেই তার বাবাকে জানিয়ে দিয়েছিলেন এই ওষুধ আনার প্রয়োজন নেই, তবে তার বাবা ভুলভাবে বুঝিয়ে ফেলায় ওষুধটি দোকান থেকে ক্রয় করা হয়।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে ভোক্তা তাৎক্ষণিকভাবে ফার্মেসির সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে ফার্মেসি পক্ষ থেকে বলা হয় ফেরত নেওয়ার কোনো নিয়ম নেই। পরে একপ্রকার আশ্বাস দিয়ে বলা হয়, ওষুধ নিয়ে এলে সমাধান করা হবে। কিন্তু তার বাবা ওষুধ ফেরত নিয়ে গেলে জানানো হয় যে, ওষুধের বদলে ওষুধ নিতে হবে। অথচ অভিযোগকারী জানান, তার সেই ওষুধের প্রয়োজন নেই।

অনেক আলোচনা-তর্কের পরও ওষুধের অর্থ ফেরত দেওয়া হয়নি। পরে অন্য এক গ্রাহকের প্রয়োজনীয় ওষুধ কিনে সেই ওষুধের বিনিময়ে টাকা উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভোক্তা তার ফেসবুক পোস্টে বড়লেখা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি সকল ফার্মেসিতে নিয়মিত তদারকি, ওষুধের নির্ধারিত মূল্য নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

ভোক্তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন যে, ভোক্তাদের অধিকার রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url