বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু, জকিগঞ্জে শোকের ছায়া
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু, জকিগঞ্জে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুজ্জামান শাওন (১৬) নামে এক মেধাবী এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার ঈদগাহ বাজার এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন আতাউর রহমান মহরিরের পুত্র এবং ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও ভদ্র স্বভাবের অধিকারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
শাওনের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক এবং সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, “শাওন ছিলো আমার কাছে খাঁটি সোনার মতো। লেখাপড়ায় দারুণ মনোযোগী ছিলো। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য বড় শোকের। বিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হবে।”
স্থানীয়রা শাওনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
