মাধবপুরে চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
হবিগঞ্জের মাধবপুরে সাড়ে তিন মেট্রিক টন হিমায়িত গরুর মাংস ও বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়সহ আনুমানিক ১ কোটি ১৪ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পাচারকালে এসব পণ্য জব্দ করা হয়।
৫৫-বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সোমবার রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবির একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক রেখে চালক পালিয়ে যান। পরে ট্রাকটি তল্লাশি করে সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস ও উন্নতমানের জর্জেট থান কাপড় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত তিন দিনে জেলার বিভিন্ন এলাকায় বিজিবির পরিচালিত চারটি অভিযানে ৫টি ভারতীয় গরু, ১০০ কেজি রাবার, ৩০ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা বলে জানান তিনি।
জব্দকৃত সব পণ্য আইনগত প্রক্রিয়ায় মাধবপুর ও চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান রোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
