হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার পণ্য জব্দ

 


হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার পণ্য জব্দ


নিজস্ব প্রতিবেদক, সিলেট:

হবিগঞ্জে সীমান্তবর্তী এলাকায় চালানো পৃথক পাঁচটি অভিযানে এক কোটি টাকার পণ্য ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা গত তিন দিনে শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি অভিযানে সিলেট থেকে আসা একটি ট্রাক আটক করে বিজিবি। ট্রাকটি তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস জব্দ করা হয়। তবে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

অপর একটি অভিযানে, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানসহ উন্নতমানের ভারতীয় জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়াও গুটিবাড়ী ও চিমটিবিল সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১০০ কেজি বাংলাদেশি রাবার এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা। এসব মালামাল আইনানুগভাবে চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url