মাদকসহ কোম্পানীগঞ্জে দুই ব্যক্তি গ্রেফতার
মাদকসহ কোম্পানীগঞ্জে দুই ব্যক্তি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৪০) এবং সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)।
কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। অভিযানে দুইজনকে আটক করার পাশাপাশি তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ হাজার ৬শ’ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ৮ রিল ফয়েল পেপার এবং নগদ ৯ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
