ঈদুল আজহার আগে বাজারে আসছে নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি
ঈদুল আজহার আগে বাজারে আসছে নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি
পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। তবে এবার একটি বড় পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক—নতুন এসব নোটে থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কোনো ব্যক্তির ছবি। পরিবর্তে নতুন নোটে যুক্ত করা হচ্ছে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থাপনা ও গ্রাফিতি শিল্প।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা নতুন ডিজাইনের কয়েকটি নোট ঈদের আগেই বাজারে ছাড়ব। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। থাকছে আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী স্থাপনা ও সাংস্কৃতিক উপাদান।”
নতুন নোট বাজারে ছাড়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু নোটসদৃশ ছবি, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ২০ টাকার একটি নোটে কান্তজিউ মন্দিরের ছবি। যেখানে পূর্বের সংস্করণে ছিল ষাটগম্বুজ মসজিদের ছবি। এ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মসজিদের স্থানে মন্দিরের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো সত্য নয়। এগুলো অফিসিয়াল নোট নয়। নতুন নোটের ডিজাইন বাজারে আসার আগে কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। বাজারে এলে সবাই প্রকৃত নোট দেখতে পাবেন।”
ধর্মীয় স্থাপনার ছবি থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা আছে, সেগুলোই নোটে থাকবে। সেটা মসজিদ হোক বা মন্দির, আমরা কোনো পার্থক্য করছি না। দেশীয় ঐতিহ্য ও স্থাপনার প্রতিনিধিত্বই মুখ্য।”
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন নোটে পরিবেশবান্ধব নিরাপত্তা উপকরণ এবং ডিজাইনেও আধুনিকতা থাকবে। এসব নোট বাজারে আসার পর পুরোনো নোটগুলোও চলবে, তবে ধীরে ধীরে তা প্রত্যাহার করা হতে পারে।
নতুন নোটে জাতিগত বৈচিত্র্য ও বাংলাদেশের সংস্কৃতিকে সম্মান জানানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ধর্মীয় স্থাপনার অন্তর্ভুক্তি নিয়ে জনমনে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা কিভাবে সমাধান হবে—সেটিই এখন দেখার বিষয়।
নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন
