মাদকবিরোধী অভিযানে জকিগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
মাদকবিরোধী অভিযানে জকিগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১শ’ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে ময়নুল হক (৪২)। তিনি বাবুর বাজারে চালের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বাজার কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ময়নুল হকের মালিকানাধীন চালের দোকান থেকে ২ হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অভিযানের সময়ই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মাদকদ্রব্যসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এমন অভিযান নিয়মিত চলবে।

