স্বেচ্ছাশ্রমে রাস্তায় নেমে পড়লেন গ্রামবাসী: কমলগঞ্জের অবহেলিত সড়ক মেরামতে স্থানীয়দের উদ্যোগ
স্বেচ্ছাশ্রমে রাস্তায় নেমে পড়লেন গ্রামবাসী: কমলগঞ্জের অবহেলিত সড়ক মেরামতে স্থানীয়দের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পশ্চিম কান্দিগাঁও পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। মুসলিম মনিপুরী অধ্যুষিত এ গ্রামীণ এলাকাটি বহু মানুষের বসবাসস্থল, যেখানে চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল স্থানীয়দের।
গত ১১ মে (রোববার) সকাল থেকে প্রায় অর্ধশতাধিক প্রবীণ ও যুবক স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে অংশ নেন। কৃষিজমি থেকে মাটি এনে রাস্তার গর্তগুলো ভরাট করে তা হালকা যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন তারা।
স্থানীয়দের অভিযোগ, বছরের শুরুতে তারা উন্নয়নকাজের আবেদন উপজেলা পরিষদে জমা দিলেও গুরুত্বপূর্ণ এ সড়কে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বরং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কারকাজ করা হয়েছে। এতে হতাশ হয়ে নিজেরাই কোদাল হাতে রাস্তায় নেমে পড়েন।
স্থানীয় কবি ও লেখক হাজী আব্দুস সামাদ বলেন, “এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় কোমরসমান পানি জমে যায়। আমরা না দেখলে কে দেখবে?” প্রবীণ মুরব্বি আব্দুল কাদির বলেন, “দীর্ঘদিন অবহেলিত এ রাস্তাটিতে কারও নজর পড়েনি।” এলাকাবাসী দ্রুত সড়কটির টেকসই উন্নয়নের দাবি জানান।
ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, “পূর্বে একাধিকবার রাস্তার সংস্কার করা হয়েছিল, তবে কয়েকবারের বন্যায় তা ভেঙে যায়। এবার ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমের এ উদ্যোগ প্রশংসনীয়। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পুরোপুরি চলাচলযোগ্য করা হবে।
