জাতীয় শিক্ষা সপ্তাহে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের টানা তিনবারের শ্রেষ্ঠত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর কলেজ পর্যায়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। কলেজটি পূর্ণাঙ্গ সরকারি হওয়ার পর ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে টানা তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে কলেজটির শিক্ষার্থীরা ২২টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে। শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য কলেজের শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

একই অনুষ্ঠানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক এবং একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাশ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

কলেজটির ধারাবাহিক এই সাফল্যে অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানে বক্তারা বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

Previous Post
No Comment
Add Comment
comment url