কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে তিন ‘চোর’ গ্রেপ্তার, উদ্ধার চুরি হওয়া গ্যাস সিলিন্ডার
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারদের একজনের কাছ থেকে চুরি হওয়া একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) কুলাউড়া শহরের বিভিন্ন বাসাবাড়িতে জানালা দিয়ে মোবাইল ফোন চুরি, ঘরে প্রবেশ করে গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মালামাল চুরি এবং সাইকেল চুরিসহ একাধিক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের জলু মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৬), দিঘীরপাড়-জয়পাশা এলাকার বদরুল মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২৫) এবং জতনমুড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদ (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন সময় রাত, ভোর কিংবা দিনের সুযোগ বুঝে বাসাবাড়িতে প্রবেশ করে মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বিশেষ করে সন্ধ্যার দিকে মানুষ যখন ঘরের বাতি বন্ধ করে বাজার-সদাই করতে কিংবা ঘুরতে বাইরে যান, তখন ওত পেতে থাকা চোরেরা ওই বাসায় চুরির ঘটনা ঘটায়।
তিনি আরও বলেন, “সন্ধ্যায় অথবা দিনের যেকোনো সময় বাসা একা রেখে বের হবেন না। ঘরে কাউকে না কাউকে রাখার চেষ্টা করুন। সবাই সচেতন হলে চোরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আসুন, সবাই মিলে কুলাউড়া থানা ও উপজেলাকে নিরাপদ, বাসযোগ্য ও চোরমুক্ত করে তুলি।”
গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
জংশন কুলাউড়া থেকে সংগৃহীত।
