কুলাউড়ায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার, শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার


কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারের অভিযোগে একজন, শিশু অপহরণ ও ধর্ষণ মামলার একজন আসামি এবং নন-এফআইআরভুক্ত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ মনরাজ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. আলাউদ্দিন (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

পরে গ্রেফতারকৃত আলাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জুবেল মিয়া (২৭)-এর বসতঘরের টয়লেটে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আলাউদ্দিন উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের চেরাগ আলীর ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, একই দিনে কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার একজন আসামি এবং নন-এফআইআরভুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url