কুলাউড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার



মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার আলিশান হাউজের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জজ মিয়ার মেয়ে। তিনি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পতিলাসাঙ্গন গ্রামের শাওন রহমানের স্ত্রী। স্বামীর সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে সুমাইয়ার স্বামী শাওন রহমান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। পরে তিনি তার শাশুড়ি ও পরিবারের সদস্যদের বাসায় আসতে বলেন। তারা বাসায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলন্ত দেখতে পান।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা করে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url