বিয়ানীবাজারের দম্পতিসহ সিলেটে ট্রিপল মার্ডার, সন্দেহভাজন বাবুল গ্রেপ্তার


 

সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন বাবুল গ্রেপ্তার

সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী-স্ত্রী ও তাদের কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন বাবুল নামে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন,রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা এম এ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং জল্লারপাড় এলাকার কিশোরী গৃহকর্মী তাহমিনা (১৫)। নিহত দম্পতির বাড়ি সিলেটের বিয়ানীবাজারের আকাখাজনা গ্রামে।

জানা যায়, সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনার মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে এম এ সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দম্পতির ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম কাজ করছে। তদন্তের জন্য একটি বিশেষ টিমও গঠন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম জানান, বাসার দরজা বন্ধ ছিল এবং নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়। ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী, সকালে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গেছে। সে হিসেবে ঘটনাটি সকালে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সিলেট মহানগরীতে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন বাবুলকে বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি জানান, আটক বাবুলের বয়স আনুমানিক ৪০ বছর। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url