শারীরিক অবস্থার উন্নতি,আইসিইউতে এমাদুল ইসলামকে দেখতে গেলেন মিজানুর রহমান মিজান


 

বড়লেখা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।অসুস্থতার কারণে তিনি বর্তমানে সিলেটের ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে হাসপাতালে গিয়ে এমাদুল ইসলামের খোঁজখবর নেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে তিনি সিলেটের ইবনে সিনা হাসপাতালে গিয়ে এমাদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

সাক্ষাৎকালে চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে দুজনের মধ্যে কিছু সময় কথা হয়। এ সময় এমাদুল ইসলাম হাসিমুখে বলেন, "আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি।" তার এই ইতিবাচক বক্তব্যে স্বস্তি প্রকাশ করেন মিজানুর রহমান মিজান। তিনি এমাদুল ইসলামের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

পরবর্তীতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মিজানুর রহমান মিজান জানান, "আলহামদুলিল্লাহ, এমাদ ভাই এখন অনেকটাই সুস্থ।" তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালে যাওয়ার আগে সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম আজিজের সঙ্গে যোগাযোগ করেন। পরে আজিজুল ইসলাম আজিজের মাধ্যমে সাবেক ছাত্রনেতা আতাউর রহমানের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ে হাসপাতালে গিয়ে সবাই মিলে এমাদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় আজিজুল ইসলাম আজিজ ও আতাউর রহমানের আন্তরিক সহযোগিতা, সময় এবং সৌজন্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজানুর রহমান মিজান। তিনি বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এমাদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) ভোরে হঠাৎ হার্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বড়লেখার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম। পরে দ্রুত তাকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url