কুলাউড়ায় সরকারি বীজ খোলা বাজারে বিক্রির অভিযোগে জামাল মিয়ার কারাদণ্ড

 


কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত বীজ অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামাল মিয়া নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২৪ বস্তা সরকারি ট্যাগযুক্ত বীজ জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার প্রতিষ্ঠান নিজাম ট্রেডার্স থেকে সরকারি ট্যাগ সংবলিত ২৪ বস্তা বীজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছিলেন জামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে সরকারি আদেশ অমান্য করে সরকারি ট্যাগযুক্ত বীজ অবৈধভাবে খোলা বাজারে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জামাল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, জব্দকৃত বীজের উৎস হিসেবে স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ হওয়া ২৪ বস্তা সরকারি বীজ কৃষি সম্প্রসারণ বিভাগের জিম্মায় দিয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url