কুলাউড়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২টি গরু ও নগদ টাকা
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা সায়দ মিয়া (৪৩) ও আশিক মিয়া (৩৯)-এর গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে।
২৪ জুলাই রাত ১টা ১০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রথমে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকা থেকে গরুচোর সন্দেহে মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫) ও মো. জাবেদ আলী (২৭)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর রেলস্টেশন এলাকা থেকে মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০)-কে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার থলের বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজনগর উপজেলার চাউরুলি এলাকার মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় পাবেল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। পাশাপাশি গরু বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
