বাহরাইনে নির্মাণকাজে দুর্ঘটনায় কুলাউড়ার প্রবাসী জসিম আহমেদ নিহত

 



মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফারের ছেলে, বাহরাইন প্রবাসী জসিম আহমেদ কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় আনুমানিক সকাল ১১টার দিকে বাহরাইনে একটি নির্মাণ প্রকল্পে রাজমিস্ত্রী হিসেবে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি একটি ড্রাম মিক্সার মেশিনের ভেতরে পড়ে যান। দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, জসিম আহমেদ প্রায় ছয় বছর ধরে বাহরাইনে রাজমিস্ত্রীর কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বর্তমানে জসিম আহমেদের মরদেহ বাহরাইন পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url