কুলাউড়ায় চাচার তিনটি গরু চুরির অভিযোগ, ভাতিজাসহ দুইজনের বিরুদ্ধে মামলা


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামে আপন চাচার তিনটি গরু চুরির অভিযোগ উঠেছে ভাতিজা কবির আলীর বিরুদ্ধে। এ ঘটনায় কবির আলী ও তার গাড়িচালক জামাল মিয়াকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মবশ্বির মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের জন্য প্রায় ৩ লাখ টাকা মূল্যের তিনটি গরু নিজ বাড়িতে লালন-পালন করছিলেন মবশ্বির মিয়া। অভিযোগ রয়েছে, গত ২৮ জুন গভীর রাতে কবির আলী একটি গাড়ি নিয়ে এসে গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যান।

বাদীর দাবি, বাড়ির সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে। পরে কবির আলীকে আটক করার চেষ্টা করলে তিনি ধস্তাধস্তি করে পালিয়ে যান। এরপর মবশ্বির মিয়া কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত ২ জুলাই মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করেছে।

মবশ্বির মিয়া অভিযোগ করেন, কবির আলীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন এলাকায় গরু চুরির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে কোনো রায় হয়েছে কি না, তা জানা যায়নি।

অভিযুক্ত কবির আলীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ জংশন কুলাউড়া

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url