বড়লেখায় চার মাস ধরে বিদ্যুৎ বিলের কাগজ না পেয়ে ভোগান্তিতে গ্রাহকরা


বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় নিয়মিত বিদ্যুৎ বিলের কাগজ না পাওয়ায় প্রায় অর্ধশত গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দক্ষিণভাগ এলাকার ৬৯২ নম্বর বইয়ের আওতাভুক্ত গ্রাহকেরা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা চার মাস কোনো বিলের কাগজ পাননি বলে অভিযোগ করেছেন।

বিলের কপি হাতে না পাওয়ায় সময়মতো বিল পরিশোধ করতে পারেননি অনেক গ্রাহক। ফলে বকেয়া বিল জমার পাশাপাশি জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। একসঙ্গে চার মাসের বিল পরিশোধ করাও অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বড়লেখা জোনাল অফিসের ডিজিএম মো. খায়রুল বাকী খান জানান, গ্রাহকদের অভিযোগটি পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা বকেয়া বিলের ক্ষেত্রে জরিমানা মওকুফ বা কিস্তির সুবিধাসহ একটি গ্রাহকবান্ধব সমাধান এবং ভবিষ্যতে নির্ধারিত সময়ে বিলের কাগজ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url