হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫৫০ কেজি পোনা মাছ জব্দ, জরিমানা ৫৫ হাজার টাকা
দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়। এ ঘটনায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাওরের পাড়ে রাতব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আহরণ, পরিবহন ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা বিপুল পরিমাণ পোনা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। মামলার প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অভিযানে জুড়ী থানার এসআই নাসিরসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ পোনা মাছ নিধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: জুড়ীর সময়
